কুমারঘাটে মর্মান্তিক ঘটনায় যারা আহত হয়েছেন তাদের বেশ কয়েকজনের চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে। প্রায় প্রতিদিনই হাসপাতালে ছুটে গিয়ে মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব চিকিৎসার খোঁজখবর করছেন। একই সাথে কেউ কেউ আবার তাদের আর্থিক সহায়তার হাতও বাড়িয়ে দিচ্ছেন। ইতিমধ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের তরফে মর্মান্তিক এই ঘটনায় যারা মৃত ও আহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ নিগমের তরফেও পৃথকভাবে ঘোষণা করা হয় আর্থিক সহায়তা প্রদানের। সেই ঘোষণা মোতাবেক শনিবার আগরতলা জিবি হাসপাতালে গিয়ে আহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। একই সাথে এদিন তিনি আহতদের চিকিৎসা সম্পর্কে যাবতীয় খোঁজ-খবর নেন।



