উল্টো রথের দিন ঊনকোটি জেলার কুমারঘাটে রথের চূড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের প্রাণহানি এবং প্রচুর সংখ্যক লোক আহত হওয়ার ঘটনা নিয়ে এবার খানিকটা দেরিতে হলেও মুখ খুললেন ইসকন আগরতলা শাখা। শুক্রবার আগরতলা মঠ চৌমুনীস্থিত ইসকনের আগরতলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সেদিনের ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক বলে জানালেন ইসকন আগরতলা শাখার সহ-সভাপতি শ্রীধাম গোবিন্দ দাস। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সহ প্রশাসন যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে এদিন তিনি বলেন, যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার সদগতি কামনা করেন ইসকন আগরতলা শাখা। একই সাথে সংস্থা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরো জানান ইসকন ভ্রাত্রীপ্রতিম হিসেবে সামর্থ্য অনুযায়ী মৃত পরিবার এবং আহত ব্যক্তিদের সকল প্রকার সম্ভাব্য সহায়তা প্রদান করবে। বামুটিয়াস্থিত ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলে মৃত ব্যক্তির সন্তানদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। পাশাপাশি মৃতদের কিভাবে আর্থিক সহায়তা প্রদান করা যায় তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। দুর্ঘটনায় আহত হয়ে যারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন তাদের পরিবারের সদস্যদের জন্য সম্পূর্ণ বিনামূলের তিন বার প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।



