মহারাজার রাজনৈতিক দল তিপ্রামথা আশ্রিত একাংশ মাফিয়াদের বাড় বাড়ন্তে ব্যাহত হচ্ছে পাহাড়ে উন্নয়নমূলক সরকারি কর্মসূচি। যেকোন সরকারি উন্নয়নমূলক কাজেই অর্থ আদায়ে ব্যস্ত এখন এই মাফিয়ারা। চাহিদা অনুযায়ী টাকা না দিলেই কাজে বাধা দান। শুধু তাই নয়, দাবি অনুযায়ী টাকা না দিলে আক্রান্ত হচ্ছেন পর্যন্ত কর্মরত শ্রমিকরা। তা আরো একবার প্রমাণিত হলো শুক্রবার। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মাফিয়ার দাবি মেনে অর্থ না দেওয়ায় এবার আক্রান্ত হলেন দুই নির্মাণ শ্রমিক। ঘটনা মান্দাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার বিবরণে জানা যায় মানদাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির সংস্কারের জন্য সরকার ১৫ লক্ষ টাকা বরাদ্দ করে। কাজটি সম্পন্ন করার জন্য দায়িত্ব পান ঠিকাদার পরিমল সরকার। আর কাজের দায়িত্ব পেয়ে শ্রী সরকার যখন কাজ শুরু করেন তখনই রকি দেববর্মা নামে স্থানীয় এক মাফিয়া এক লক্ষ টাকা দাবি করেন ঠিকাদারের কাছে। তখন ঠিকাদার দাবি অনুযায়ী টাকা দেব দিচ্ছি বলে কয়েকদিন ধরে মাফিয়াকে ঘুরাতে থাকেন। আর তা যেন সহ্য হয়নি, মাফিয়া রকির। শুক্রবার সকালে স্বাস্থ্যকেন্দ্র সংস্কারের কাজে নিযুক্ত শ্রমিকরা তাদের পেশাগত দায়িত্ব যখন পালন করছিলেন, তখনই আচমকা মাফিয়া রকি কর্মস্থলে গিয়ে দুইজন শ্রমিককে প্রচন্ড মারধর করে তাড়িয়ে দেয়। কোনক্রমে এই দুই শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে এসে চিকিৎসার জন্য ছুটে যায় জিবি হাসপাতালে। জানা গেছে মাফিয়া রকি দেববর্মা মথার একজন সক্রিয় কর্মী। সরকারি উন্নয়ন কাজে এভাবে টিকেদারের কাছ থেকে মোটা অংকের অর্থ দাবি এবং চাহিদা অনুযায়ী অর্থ মিটিয়ে না দেওয়ায় দুই শ্রমিককে মারধরের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।



