গোটা রাজ্যে যেভাবে বিষাক্ত নেশার কারবার চলছে তাতে করে ধ্বংসের মুখে যুবসমাজ। আজকাল স্কুল-কলেজ পড়ুয়ারা পর্যন্ত নেশায় আসক্ত হয়ে পড়ছেন।যা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন অভিভাবক মহল থেকে শুরু করে সচেতন নাগরিকরা। রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য গঠন করার স্লোগান দিয়ে নেশা কারবারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও, আরক্ষা প্রশাসনের কর্মীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই আগরতলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবাধে চলছে নেশার রমরমা বাণিজ্য। যদিও এর জন্য অনেকেই দায়ী করছেন আরক্ষা প্রশাসনের একাংশ কর্মীকে। অভিযোগ আরক্ষা প্রশাসনের কর্মীদের পরোক্ষ মদতেই নেশার রমরমা বাণিজ্য চালিয়ে আসছে নেশা কারবারিরা। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা নেশার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আর তাদের এই আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিয়তই নেশার বিরুদ্ধে রাস্তায় নামছেন আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলা শহরতলী যোগেন্দ্রনগরের আম্বেদকর পল্লীতে। ইতিমধ্যেই এই এলাকাটিকে দত্তক হিসাবে হাতে নেয় মহিলা কলেজের এনএসএস ইউনিট। এদিন ইউনিটের সদস্যরা আম্বেদকর পল্লীতে সাধারণ মানুষের মধ্যে নেশা মুক্ত ত্রিপুরা গঠনের আহ্বান জানিয়ে বিতরণ করলেন লিফলেট। একই সাথে তারা এলাকায় সংগঠিত করলেন বৃক্ষরোপণ কর্মসূচিও। এদিনের এই লিফলেট বিলি ও বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন এনএসএস এর প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।



