মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এর পরেই রাত পোহালেই মুসলিম ধর্মাবলম্বীদের কোরবানির ঈদ তথা পবিত্র ঈদুল আযহা। সুচি অনুযায়ী বৃহস্পতিবার মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কুরবানী ঈদ। গোটা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা এদিন উৎসবের আমেজে শামিল হবেন এই খুশির ঈদে। তারই প্রস্তুতি চলছে এখন সর্বত্র। এক্ষেত্রে পিছিয়ে নেই ছোট্ট এই পার্বত্য রাজ্য ত্রিপুরাও। রাজ্যের সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীরা বিগত দিনের মতো এবারও উৎসবের আমেজে শামিল হবেন ঈদ উৎসবে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মসজিদ গুলিতে ঈদের দিন সকালে আয়োজিত বিশেষ নামাজ আদায়ে অংশ নেবেন রাজ্যের সংখ্যালঘুরা। নামাজ আদায়ের পর প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী দেবেন পশু কুরবানী। তবে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল নামাজ আদায় অনুষ্ঠানটি হবে রাজধানী আগরতলার গেদু মিয়া মসজিদে। সেখানে বৃহস্পতিবার সকাল আটটায় নামাজ আদায়ে অংশ নেবেন প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীরা। তাই গেদু মিয়া মসজিদসহ রাজ্যের বিভিন্ন মসজিদগুলি যেন নতুন করে সেজে উঠেছে। এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই পবিত্র ঈদ উৎসবকে ঘিরে রাজ্যের কোথাও যাতে অশান্তির বাতাবরণ তৈরি না হয়, তার জন্য প্রশাসনিকভাবেও আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে খবর।



