রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে চোরচক্রের পাশাপাশি প্রতারকদের কাছেও এখন অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত। আর এই প্রতারকদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন একাংশ রোগী ও তার আত্মীয় পরিজন। হাসপাতাল চত্বরে চুরির ঘটনা নতুন কোন বিষয় নয়। এর মধ্যে আবার নতুন করে প্রতারকদের বাড় বাড়ন্তে স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্থ চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার। রোগীর সঙ্গে প্রতারণা করে টাকা নিতে গিয়ে হাতেনাতে এদিন ধরা পরল এক প্রতারক। ধৃত ব্যক্তির নাম রঞ্জিত সরকার। বাড়ি শহরতলী পূর্ব চাঁনমারি এলাকায়। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তার আত্মীয় পরিজনদের কাছে দ্বিতীয় ব্যক্তি নিজেকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে এদিন টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে, বিষয়টি প্রত্যক্ষ করেন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীরা। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা এই প্রতারককে আটক করে খবর দেয় জিবি পুলিশ ফাঁড়িতে। রোগী ও তার পরিজনদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতে নেওয়ার অভিযোগে প্রতারক ধরা পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে পুলিশ ধৃত প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়। চুরির ঘটনার পর এবার প্রতারকদের এই বারবার অঙ্কের স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দেয় হাসপাতাল চত্বর। তবে নিরাপত্তা কর্মীরা কিছুটা তৎপর হওয়ায় এদিন আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেল রোগী ও তার প্রয়োজনরা।



