রাজ্যের হাসপাতাল গুলির ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূর করতে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে এখন উৎসবের মেজাজের রক্তদান শিবির। রাজনীতি ও রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থা গুলি প্রতিনিয়তই সংঘটিত করে চলেছে মহতি এধরনের কর্মসূচি। এবার মানব সেবার শ্রেষ্ঠ অর্ঘ্য রক্তদান কর্মসূচিতে এগিয়ে এলো রাজধানী আগরতলার অরবিন্দ ক্লাব। রক্তদান জীবন দান রক্ত দিয়ে প্রাণ বাঁচান, এই আহবানে রবিবার ক্লাব প্রাঙ্গনে আয়োজন করা হয় স্বেচ্ছা রক্তদান শিবির। এদিনের এই শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য এদিন উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ব্লাড ব্যাংকের রক্তস্বল্পতা দূর করার জন্য জনগণের কাছে যে আহ্বান রাখা হয়েছিল তাতে প্রত্যেকেই ব্যাপক সাড়া দিয়েছে। এক প্রকার উৎসবের আমেজেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। এদিন তিনি আরো বলেন মানুষের সমস্যা সমাধানের জন্যই সরকার। তাই সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার ও বিভিন্ন নির্বাচিত সংস্থা গুলি। সরকারের কাজে প্রত্যেককেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।



