আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আইয়োজিত তৃতীয় ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী শুক্রবার সকালে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব এবং আগরতলার আনন্দ ভবন। ম্যাচটি উভয় দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ। লীগে টিকে থাকতে হলে জয় ছাড়া কোন বিকল্প নেই। কারণ উভয় দলেরই পয়েন্ট চার। যদিও গোল ব্যবধানে অনেকটা এগিয়ে আনন্দ ভবন। এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমে শেষ পর্যন্ত বাজিমাৎ দেখালো আনন্দ ভবনের ফুটবলাররা। নির্ধারিত সময়ের লড়াইয়ে এদিন আনন্দ ভবন ৩ ২ গোলের ব্যবধানে পরাজিত করে ওরিয়েন্টাল ক্লাবকে। তীব্র উত্তেজনাপূর্ণ আর জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে এদিন শেষ হয় উভয় দলের ম্যাচটি। গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়নের আশা টিকিয়ে রাখল আনন্দ ভবন। চার ম্যাচে এখন তাদের সংগ্রহিত পয়েন্ট সাত। অপরদিকে তাদের প্রতিপক্ষ ওরিয়েন্টাল ক্লাব গুরুত্বপূর্ণ ম্যাচে ধরাশায়ী হয়ে অনেকটা চাপে পড়ে গেল।



