আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট শেষ হবার পরেই শুরু হতে চলেছে দ্বিতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। ইতিমধ্যেই টিএফ এর লীগ কমিটি দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের ক্রীড়া সূচি ঘোষণা করে। ঘোষিতসূচি অনুযায়ী আগামী ৬ জুলাই উমাকান্ত মিনি স্টেডিয়ামে বি ডিভিশনের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে নাইন বুলেটস ক্লাব ও ত্রিপুরা পুলিশ। তাই উদ্বোধনী ম্যাচে নামার আগে জোরদার অনুশীলনে নেমে পরল এখন কৃষ্ণনগরের নাইন বুলেটস ক্লাব। রাজ্য ফুটবল ময়দানের পুরনো ছন্দে ফিরে আসার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই এবছর ময়দানে নামবে নাইন বুলেটস। আর সেই লক্ষ্যমাত্রাকে বাস্তবায়ন করতে ইতিমধ্যেই ক্লাব কর্মকর্তারা বিগ বাজেটের দল গঠন করেছে। রাজ্যের ও বহির রাজ্যের এক ঝাঁক অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গঠন করা হয়েছে দল। প্রশিক্ষক কর্নেন্দু দেববর্মার তত্ত্বাবধানেই দলের ফুটবলাররা ময়দানে নামবে। লক্ষ্য ও উদ্দেশ্য একটাই পুরনো ছন্দে ফিরে আসার পাশাপাশি ভালো খেলা উপহার দেওয়া ও খেতাব অর্জন করা। নাইন বুলেটস দলে রয়েছে মিজোরাম, আইজল ও কলকাতার মত রাজ্যের অভিজ্ঞ ফুটবলার। বৃহস্পতিবার থেকে শুরু হল সম্পূর্ণ দল নিয়ে জোরদার অনুশীলন। দলের পুরো টিম অংশ নেয় অনুশীলনে। এদিন আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রশিক্ষক কর্নেন্দু দেববর্মার তত্ত্বাবধানে শুরু হয় এই অনুশীলন প্রক্রিয়া। এবারের দল নিয়ে খুবই আশাবাদী ক্লাব কর্মকর্তারা।



