আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী বুধবার সকালে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে অপরাজয় থাকা স্কাইলার্ক ক্লাব। টানা তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে এদিন ইউবিএসটির মুখোমুখি হয় স্কাইলার্ক। নির্ধারিত সময়ের লড়াইয়ে এদিন প্রতিপক্ষের চ্যালেঞ্জের সম্মুখীন হলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ল স্কাইলারক ক্লাবের ফুটবলাররা। দিনের ম্যাচে স্কাইলারক ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে ইউ বিএসটিকে। প্রথমার্ধের খেলায় জয়ী দল সুলেমান রিয়াং এর দেওয়া গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে উভয় দল আরও একটি করে গোল করতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে জয়ী দলের পক্ষে এলসন ডারলং এবং পরাজিত ইউবিএসটির পক্ষে একমাত্র গোলটি করে বিশাল সেন। ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এখন পরবর্তী রাউন্ডের লড়াইয়ে নামবে স্কাইলার্ক। দিনের ম্যাচটি পরিচালনা করেন রেফারি সুকান্ত দত্ত।



