Saturday, November 28, 2026
বাড়িখবররাজ্যঅধিকাংশ পুর ও নগর সংস্থায় স্বাভাবিক ভোটগ্রহণ হচ্ছে না, জবরদখলের অভিযোগ মানিক...

অধিকাংশ পুর ও নগর সংস্থায় স্বাভাবিক ভোটগ্রহণ হচ্ছে না, জবরদখলের অভিযোগ মানিক সরকারের

আগরতলা: রাজ্যের অধিকাংশ পুর ও নগর সংস্থায় অবাধ ও স্বাভাবিক ভোটগ্রহণ হচ্ছে না, বরং বিভিন্ন এলাকায় ভোটপ্রক্রিয়া জবরদখল করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক সরকার। শুক্রবার নিজের ভোটাধিকার প্রয়োগের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সামগ্রিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে সরব হন তিনি। এদিন আগরতলার শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ভোট দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোটদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, কৈলাসহর, কুমারঘাট, পানিসাগর এবং কিছুটা সাব্রুম বাদ দিলে রাজ্যের অন্যান্য এলাকায় স্বাভাবিক ও অবাধ ভোটগ্রহণের পরিবেশ নেই। মানিক সরকারের অভিযোগ, আগরতলায় যেভাবে ভোটপ্রক্রিয়া জবরদখল করা হয়েছে, রাজ্যের অন্যান্য স্থানেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এই পরিস্থিতির কারণে বিরোধী দলের প্রার্থীদের উপর হামলার ঘটনাও ঘটছে।

এমনকি মহিলা প্রার্থীরাও হামলার হাত থেকে রেহাই পাচ্ছেন না বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, হামলায় আহত এক মহিলা কর্মী বর্তমানে জিবি হাসপাতালে এবং অপর একজন আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্দেশে কোনও বার্তা দিতে চান কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মানিক সরকার বলেন, মুখ্যমন্ত্রীর অজ্ঞাতে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করার কোনও কারণ নেই। তাঁর অভিযোগ, যেসব এলাকায় ভোটগ্রহণ হয়নি, সেখান থেকে কিছু যুবককে জড়ো করে বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। গোটা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী কিছুই জানেন না বা জানতেন না, এমন দাবি বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। ভোটগ্রহণের দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে মানিক সরকারের এই বক্তব্য পুর ও নগর সংস্থার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বিতর্ককে আরও বাড়িয়ে তুলেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য