ভিলেজ কমিশন নির্বাচন চলাকালীন SIR-এর কাজ পরিচালনা নিয়ে আপত্তি জানিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। একই সময়ে নির্বাচন এবং SIR-এর কাজ চললে প্রশাসনিক ও নির্বাচনী ক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা বিজেপি নেতৃত্বের। তাই নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে SIR-এর নির্ধারিত সময়সীমা কিছুটা পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
এডিসি এলাকার আসন্ন ভিলেজ কমিশন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি। এরই মধ্যে নির্বাচন চলাকালীন SIR-এর কাজের সময়সূচি নিয়ে আপত্তি তুলল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বুধবার এই বিষয়কে সামনে রেখে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশন দেন বিজেপির এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ভিলেজ কমিশন নির্বাচনের সঙ্গে একই সময়ে SIR-এর কাজ চললে মাঠপর্যায়ে প্রশাসনিক কাজ এবং নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে একাধিক সমস্যা দেখা দিতে পারে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ কাজ চললে সংশ্লিষ্ট কর্মী ও প্রশাসনিক পরিকাঠামোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব যাতে কোনওভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় না পড়ে, সে বিষয়টি মাথায় রেখেই SIR-এর সময়সীমা পরিবর্তনের দাবি জানানো হয়েছে। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ বিজেপির রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্বরা। তাঁদের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আবেদন জানানো হয়। বিজেপির দাবি, ভিলেজ কমিশন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়, তার জন্য নির্বাচনী সময়কালে SIR-এর কাজের সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা জরুরি। এখন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এই দাবির পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



