শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে এবার রাস্তায় নামল শাসকদল ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি ত্রিপুরাতেও ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে সংগঠনটি। এদিন পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি জেলা সদর দপ্তরের মাধ্যমে একইভাবে প্রধানমন্ত্রীর উদ্দেশে এই দাবিপত্র পাঠানো হয়েছে। সংগঠনের অন্যতম প্রধান দাবি, শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করা। পাশাপাশি ইএসআইসি-এর আওতাভুক্ত শ্রমিকদের বেতনের ঊর্ধ্বসীমা ২১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪২ হাজার টাকা এবং ইপিএফ-এর আওতাভুক্ত বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
এছাড়াও প্রকল্প কর্মীদের সম্মানিক ভাতা বৃদ্ধি, চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে ‘সমান কাজের জন্য সমান বেতন’ নিশ্চিত করা এবং শ্রমিকদের স্বার্থবিরোধী বিভিন্ন বিধান বাতিল করার দাবিও জানিয়েছে সংগঠন। গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪০ লক্ষ টাকা করার দাবিও রয়েছে তাদের ১২ দফা দাবির মধ্যে। শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই দাবিগুলিকে সামনে রেখে সোমবার আগরতলায় মিছিল বের করেন ভারতীয় মজদুর সংঘের কর্মী-সমর্থকরা। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে নিজেদের দাবির পক্ষে সরব হন তাঁরা।
মিছিল শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে। তাঁদের ১২ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রেরণের জন্য জেলাশাসকের হাতে তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। ভারতীয় মজদুর সংঘের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য অধিকার, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য কেন্দ্রের কাছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি জানানো হচ্ছে। সেই দাবিগুলিকে আরও জোরালোভাবে তুলে ধরতেই এদিন দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হয়েছে।



