ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মী, শ্রমিক এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার অঙ্গীকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।
গত ৪৪ বছরের পথচলায় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থানের নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে মোটর শ্রমিকদের অবদানও বিশেষভাবে উল্লেখ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিও-র রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত। অনুষ্ঠান প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শ্রমিক আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং ন্যায্য দাবি প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে অন্যায়, শোষণ ও অত্যাচার দীর্ঘস্থায়ী হয় না। ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম শক্তি। তিনি আরও বলেন, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন শুধু শ্রমিকদের সংগঠন নয়, রাজ্যের শান্তি, স্থিতিশীলতা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং জনস্বার্থে সংগঠন একইভাবে কাজ করে যাবে।তাছাড়া অনুষ্ঠানে সংগঠনের প্রবীণ ও বর্তমান সদস্যদের সম্মান জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়। বক্তারা শ্রমিকদের ঐক্য অটুট রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য, শ্রমিক এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানো হয়। শ্রমিকদের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



