মঙ্গলবার আগরতলার স্টেট গেস্ট হাউস ‘সোনার তরী’-তে অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ জেলা পরিষদের অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
সভায় জেলা পরিষদের অধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, চলমান কাজের বর্তমান অবস্থা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। জনস্বার্থে গৃহীত বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে নিয়মিত পর্যবেক্ষণের ওপরও জোর দেওয়া হয়।



