ত্রিপুরার ঐতিহ্যবাহী হ্যান্ডলুম ও সেরিকালচার শিল্পকে আরও আধুনিক ও গতিশীল করে তোলার লক্ষ্যে আগরতলায় হ্যান্ডলুম দপ্তরের ডাইরেক্টর ও সেক্রেটারির কার্যালয় পরিদর্শন করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
সোমবার আগরতলার ইন্দ্রনগরস্থিত হ্যান্ডলুম দপ্তরের ডাইরেক্টর ও সেক্রেটারির কার্যালয় পরিদর্শন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনের শুরুতেই তিনি দপ্তরের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে অফিসের পরিকাঠামো ও প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন। দীর্ঘদিনের পুরোনো ভবনের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। দ্রুত সংস্কারকাজের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।
এরপর সেরিকালচার বা রেশমচাষ সংক্রান্ত কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন তিনি। উৎপাদন ব্যবস্থা, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং শিল্প সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। মাঠপর্যায়ে এই শিল্পকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। পরিদর্শনে উপস্থিত ছিলেন দপ্তরের ডাইরেক্টর, সেক্রেটারি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।
সরকারি মহলের দাবি, হ্যান্ডলুম ও সেরিকালচার খাতের আধুনিকীকরণ, পরিকাঠামো উন্নয়ন এবং বাজার সম্প্রসারণে ধারাবাহিক উদ্যোগ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত উন্নয়ন ও নিয়মিত তদারকি অব্যাহত থাকলে ত্রিপুরার ঐতিহ্যবাহী হ্যান্ডলুম শিল্প দেশের বাজারে আরও শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।



