আগরতলা গভর্ণমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের ইএনটি বিভাগের উদ্যোগে আজ ৯ম সার্জিক্যাল ওয়ার্কশপ এবং ককলিয়ার ইমপ্ল্যান্টের উপর সিএমই প্রোগ্রামের আয়োজন করা হয়। আগরতলা গভর্ণমেন্ট মেডিকেল কলেজের লেকচার হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, ককলিয়ার ইমপ্ল্যান্টে রাজ্য সাফল্য পেয়েছে। ককলিয়ার ইমপ্ল্যান্ট বহিরাজ্যের তুলনায় রাজ্যে ব্যয় সাপেক্ষ বলে তিনি জানান। এছাড়াও তিনি তার বক্তব্যে সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট, অর্গান ট্রান্সপারেন্ট ইত্যাদির সফলতার বিষয় তুলে ধরেন। তিনি এই অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
দু’দিনব্যাপী এই ওয়ার্কশপের বিশেষ উদ্যোগ হিসেবে চারজন শ্রবণ প্রতিবন্ধী শিশুর উপর ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন করা হবে। রাজ্যে এই প্রথমবারের মতো এত সংখ্যক রোগীর একসাথে এই ধরণের বৃহৎ ককলিয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই সমস্ত সার্জারি রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন এজিএমসি এবং জিবিপি হাসপাতালের অধ্যক্ষ ডা. তপন মজুমদার, একাডেমিক ডিন ডা. অভিজিৎ দত্ত, জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. বিধান গোস্বামী, পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শংকর চক্রবর্তী, ইএনটি বিভাগের এইচওডি অধ্যাপক ডা. বিপ্লব নাথ এবং কলকাতার প্রখ্যাত ইএনটি বিশেষজ্ঞ ও সার্জিক্যাল এক্সপার্ট অধ্যাপক ডা. অমিতাভ রায় চৌধুরী। এই অনুষ্ঠানে বিগতদিনে ককলিয়ার ইমপ্ল্যান্টে সফল ৬ বছরের নাবালিকা প্রতিক্ষা সরকার উপস্থিত ছিল।



