আগরতলা: রাজ্যে প্রায় ১৬০ জনের মতো বেকার নার্স রয়েছেন, যারা করোনা মহামারীর সময় কন্ট্রাকচুয়াল বেসিসে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছিলেন। মহামারীর সেই কঠিন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই নার্সদের তৎকালীন সময়ে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
কিন্তু ২০২১ সাল থেকে আজ পর্যন্ত তাদের স্থায়ী নিয়োগের বিষয়ে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ বেকার নার্সদের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তারা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করতে আসেন।
ডেপুটেশনের মাধ্যমে তারা তাদের দীর্ঘদিনের দাবি এবং সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। নার্সদের বক্তব্য, করোনা সময়ে তারা রাজ্যের মানুষের সেবা করেছেন এবং তখন সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আশ্বাস দিলেও এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
এদিকে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং গোটা বিষয়টি লিখিত আকারে দপ্তরে জমা দেওয়ার জন্য বলেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেওয়ার বিষয়টি দপ্তর দেখবে।
পরবর্তীতে অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেকার নার্সরা জানান, দপ্তরের পক্ষ থেকে তারা ইতিবাচক আশ্বাস পেয়েছেন। দপ্তরের এই আশ্বাসে তারা কিছুটা আশ্বস্ত হলেও দ্রুত সমস্যার সমাধান এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিও জানান তারা।



