বুধবার সদর মহকুমার পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে এমজিএনরেগার নাম পরিবর্তন সহ বিজেপি সরকার কর্তৃক শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ এবং গরিব মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে আশ্রম চৌমুহনী বাঁধ সংলগ্ন দক্ষিণ চন্দ্রপুর এলাকায় প্রচার চালানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপি আই এম কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত, সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, সদর মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণ সিনহা, সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপি আই এম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী বলেন, বর্তমান বিজেপি সরকারের শ্রমিক-বিরোধী নীতির ফলে শ্রমজীবী ও গরিব মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমজিএনরেগার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে পরিবর্তন এনে শ্রমিকদের কাজ ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে। এরই প্রতিবাদে ১২ ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘট সফল করার জন্য সকলের কাছে আহ্বান জানানো হয়।



