সারা দেশের সাথে রাজ্যেও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় ৭৭তম স্বাধীনতা দিবস। মঙ্গলবার সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা আসাম রাইফেলস ময়দানে। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। রাজ্যবাসিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, সামগ্রিক বিকাশের ধারাকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে সামনে রেখে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। জনজাতি কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা ক্ষমতায়ন, কৃষি, শিল্প, আইন-শৃঙ্খলা,পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে অগ্রগতি সুনিশ্চিত করে উন্নত ত্রিপুরা সমৃদ্ধ ত্রিপুরা গড়তে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। তিনি এদিন রাজ্যবাসিকে সম্বোধন করে বলেন জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার দায়বদ্ধতার সাথে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। গত পাঁচ বছরে রাজ্যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিশ্বাস এই মন্ত্রকে পাথেয় করে রাজ্য সরকার সকল অংশের মানুষের উন্নয়নের জন্য বহুমুখী কর্মধারা অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই বাজেটে নতুন ১৩ টি প্রকল্প ঘোষণা করা হয়েছে। সকল অংশের জনগণের উন্নতির জন্য দিক নির্দেশিকা এই বাজেটে রয়েছে বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র সমূহের মধ্যে রয়েছে সার্বিক অর্থনৈতিক মুল্যায়ন, প্রত্যেক পরিবারে আয়ের উৎস সৃষ্টি করা, যাতে প্রত্যেককে আত্ম নির্ভর করে গড়ে তোলা যায়। এদিন তিনি এই পরিপ্রেক্ষিতে সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র গুলি তুলে ধরে এই ক্ষেত্র গুলিতে রাজ্য সরকার কি ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেতে চায় তা বিস্তারিত ভাবে তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য , আইন শৃঙ্খলা , কৃষি ও উদ্যান, যোগাযোগ ব্যবস্থা, শিল্প, জনজাতি কল্যাণ, পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্র গুলি সম্পর্কে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ যেমন তুলে ধরেন তেমনি এই ক্ষেত্র গুলির উন্নয়নে আগামী দিন কি ভুমিকা গ্রহণ করতে যাচ্ছে তাও তুলে ধরেন তিনি।এদিন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আসাম রাইফেলস ময়দানে ৭৭তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে কর্তব্য পালনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, পদক এবং শংসাপত্র তুলে দিয়েছেন। দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এদিন আসাম রাইফেলস ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়।



