সারা দেশের সাথে রাজ্যেও একপ্রকার উৎসবের আমেজে উদযাপিত হল দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। সরকারি বেসরকারি ভাবে দিবসটি উপলক্ষে মঙ্গলবার আয়োজন করা হয় নানা কর্মসূচি। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবস উদযাপন। আগরতলায় নিজের সরকারি বাসভবনে এবারো স্বাধীনতা দিবস উদযাপন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সকালে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে আরক্ষা কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ তথা রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতা শব্দটাই প্রত্যেককে একটা আলাদা আনন্দ দেয়। স্বাধীনতার সংগ্রামীদের বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজ দেশ স্বাধীন। এই স্বাধীনতাকে সুরক্ষিত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো এখন অন্যতম কাজ।



