দুর্ঘটনায় এখন রাজ্যে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেপরোয়াগামী যান চলাচলের জন্যই প্রতিদিন রাজ্যের কোন না কোন এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার সম্মুখীন হয়ে হতাহতের শিকার হচ্ছেন একাংশ মানুষ। বৃহস্পতিবার সকালে এমনই এক দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন। মৃত ব্যক্তির নাম আশীষ কুমার ঘোষ। পেশায় তিনি একজন স্টেট ব্যাংকের কর্মচারী। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিস বাবুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে আগরতলা শহরতলী বড়জলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও সকালে আগরতলা কের চৌমুনি-স্থিত নিজ বাড়ি থেকে বাইকে করে আশিস বাবু নিজের কর্মস্থল উষা বাজার স্টেট ব্যাঙ্কে যাবার পথে বড়জলা এলাকায় বিপরীতমুখী একটি দ্রুতগামী বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশীষ বাবুর। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় আশীষ বাবুকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মচারীর মৃত্যুর ঘটনায় বড়জলা এলাকায় নেমে আসে শোকের ছায়া।



